খুলনায় জমজ কন্যা শিশু হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন কারাদণ্ড.

মোল্লা জাহাঙ্গীর আলম :
খুলনার তেরখাদায় আলোচিত জমজ কন্যা শিশু হত্যা মামলায় মা কানিজ ফাতেমা কনাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৩ মে) খুলনার বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন। আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত কানিজ ফাতেমা কনা তেরখাদা উপজেলার কুশলা গ্রামের শেখ খাইরুজ্জামান ওরফে খায়ের মেয়ে।
২০১৮ সালে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বাসিন্দা মো. মাসুম বিল্লাহর সঙ্গে তার বিয়ে হয়। ২০২১ সালের ৭ ডিসেম্বর মোল্লাহাটের লাকি ক্লিনিকে সিজারের মাধ্যমে তিনি জমজ দুই কন্যা সন্তানের জন্ম দেন। পরে সন্তানদের নিয়ে তিনি বাবার বাড়িতে চলে আসেন।
২০২ সালের ১৮ ফেব্রুয়ারি দুপুরে কানিজ ফাতেমা মোবাইল ফোনে ছোট বোনকে জানান, তার দুই শিশু সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একইদিন ভোর ৬টার দিকে শ্বশুরবাড়ির পারিবারিক পুকুর থেকে জমজ দুই শিশুর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
মামলাটি দ্রুতবিচার ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। সাক্ষ্য-প্রমাণ ও তদন্তের ভিত্তিতে আদালত এ রায় দেন।