ভান্ডারপুরে ইউএনও’র ঝটিকা অভিযান: মাদক সেবনে যুবকের ৪ মাসের কারাদণ্ড

ভান্ডারপুরে ইউএনও’র ঝটিকা অভিযান: মাদক সেবনে যুবকের ৪ মাসের কারাদণ্ড

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ভান্ডারপুর বাজারে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে মো. রেজাউল হোসেন নামে এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ছনি। অভিযানকালে হাতেনাতে আটক হওয়ার পর অভিযুক্ত যুবক তার অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এই দণ্ড প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল হোসেন দীর্ঘদিন ধরে ভান্ডারপুর বাজার এলাকায় মাদক সেবন করে আসছিলেন। এতে বাজারের পরিবেশ ও জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল। প্রশাসনের এ অভিযানে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

রায় ঘোষণার পর সাজাপ্রাপ্তকে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া শুরু হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ছনি বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ভান্ডারপুর বাজারের ব্যবসায়ী ও স্থানীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *