গাজীপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে দুই নারীসহ গ্রেফতার ৬

গাজীপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে দুই নারীসহ গ্রেফতার ৬

অফিস ডেস্ক :

গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় মাদকবিরোধী পৃথক তিনটি অভিযানে দুই নারীসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও নগদ টাকা জব্দ করা হয়।

শনিবার (২ মে) রাতে সদর উপজেলার মনিপুর ও দরগারচালা গ্রামের তিতুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে দরগারচালা (তিতুলতলা) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফাতেমা বেগম (৩৫) নামে এক নারীর বসতঘরে তল্লাশি চালিয়ে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির ২ হাজার ৬৯০ টাকা জব্দ করা হয়।

একই রাতে বানিয়ারচালা এলাকায় অভিযান চালিয়ে আক্তার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে রাত ১১টার দিকে মনিপুর মধ্যপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে নুরুল ইসলাম (৪৫), মাহিম হোসেন (২৬), ইমন হোসেন (২০) ও মরিয়ম বেগম (৩৭)কে গ্রেফতার করা হয়। এ সময় নুরুল ইসলামের কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা ও নগদ ১৯ হাজার ৮০ টাকা, মাহিম হোসেনের কাছ থেকে ২৫ পিস এবং ইমন হোসেনের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া মরিয়ম বেগমের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কর জানান, পুলিশ সুপারের নির্দেশনায় থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ২৫৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা এবং নগদ ২১ হাজার ৭৭০ টাকা জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *