ফরিদপুরে শিশু পার্কের গাছ কেটে দোকান বরাদ্দের অভিযোগ, জনমনে ক্ষোভ

ফরিদপুরে শিশু পার্কের গাছ কেটে দোকান বরাদ্দের অভিযোগ, জনমনে ক্ষোভ

অফিস ডেস্ক :

পাবনার ফরিদপুর উপজেলায় উপজেলা পরিষদের প্রধান ফটকের উত্তর পাশে অবস্থিত পৌর শিশু পার্কে গাছ কেটে জায়গা দখল ও দোকান বরাদ্দের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, সরকারি ছুটির দিন শুক্রবার ও শনিবারের সুযোগে গভীর রাতে পার্কের বেষ্টনীর ভেতরে থাকা বড় দুটি গাছ কেটে ফেলা হয়। পরে গাছের গুঁড়িগুলোও সরিয়ে নেওয়া হয়েছে। গাছ দুটি দীর্ঘদিন ধরে পার্কে ছায়াবেষ্টিত পরিবেশ তৈরি করে শিশুদের বিনোদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালনগর গ্রামের হিজড়া সম্প্রদায়ের তৃতীয় লিঙ্গের জহুরুল ইসলাম ওরফে বিজলী খাতুনের নামে ওই স্থানটি বরাদ্দ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে সংশ্লিষ্ট স্থানটি কোনো হাট-বাজার বা ফেরির জন্য নির্ধারিত নয়। এটি উপজেলা পরিষদের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ এলাকা, যেখানে একদিকে শিশুদের বিনোদনের জন্য পার্ক এবং অন্যদিকে উপজেলা পরিষদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।
এমন গুরুত্বপূর্ণ স্থানে গাছ কেটে জায়গা দখলের ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে শিশু পার্কের জায়গা অন্যের নামে বরাদ্দ দেওয়া কতটা যৌক্তিক—তা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *