আড়াইহাজারে একই রাতে তিন বাড়িতে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

আড়াইহাজারে একই রাতে তিন বাড়িতে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

অফিস ডেস্ক :

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা স্বর্ণালংকার, রুপা, নগদ টাকা ছাড়াও ঘরের বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এমনকি কাপড়-চোপড়ও তারা ছাড়েনি। ঘটনাটি ঘটে মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, রাত আনুমানিক ১টার দিকে ১২-১৫ জনের একটি সশস্ত্র দল প্রথমে এক প্রবাসীর বাড়িতে প্রবেশ করে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার, রুপা, ল্যাপটপ ও মোবাইলসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়।
এরপর একই দল পাশের আরেকটি বাড়িতে ঢুকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখান থেকেও তারা স্বর্ণালংকার, নগদ অর্থ এবং অন্যান্য জিনিসপত্র লুট করে নেয়।
পরবর্তীতে তারা সড়কের পাশের একটি শ্রমিকের বাড়িতে হানা দেয়। ওই বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণ-রুপা এবং দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। ভুক্তভোগীরা জানান, ঘরের কাপড়-চোপড় পর্যন্ত নিয়ে গেছে ডাকাতরা।
স্থানীয়রা জানান, বাড়িগুলোর অবস্থান ভেতরের দিকে হওয়ায় ডাকাতরা সহজেই এসব ঘটনা ঘটাতে পেরেছে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায় এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *