নওগাঁর মান্দায় টাপেন্টাডলসহ ৫ মাদক কারবারি আটক

অফিস ডেস্ক :
নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার এসআই সুজনের নেতৃত্বে একটি দল উপজেলার কালিকাপুর ইউনিয়নের হুলিবাড়ি (মোজার মোড়) এলাকায় অভিযান চালায়। এসময় একটি লিচু বাগানের মধ্যে কয়েকজন ব্যক্তি মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত রয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পলাশ উদ্দিন (২৫), রইচ উদ্দিন (২২), এমদাদুল হক মিঠুন (৪৫), আবুল কালাম আজাদ (৩৫) ও জনি ইসলাম (৩৫) নামের পাঁচজনকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি সিগারেটের প্যাকেটের ভেতরে রাখা ১৩ পিস টাপেন্টাডল ট্যাবলেট (ওজন প্রায় ৫.২০ গ্রাম), মাদক সেবনের কাজে ব্যবহৃত কাগজের পাইপ, গ্যাস লাইটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ৩ হাজার ৯০০ টাকা।
আটককৃতদের মান্দা থানায় নিয়ে আসা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”