আড়াইহাজারে র্যাবের অভিযানে ২ পাইপগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার!
অফিস ডেস্ক :
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পরিত্যক্ত একটি ব্যাগ থেকে দুটি পাইপগান, এক রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-১১।
সোমবার (৯ মার্চ) রাত প্রায় সাড়ে ১২টার দিকে উপজেলার বালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
র্যাব-১১ সূত্রে জানা যায়, রাত্রীকালীন টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার থানার বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল হামিদের বাড়ির উত্তর পাশে একটি কলাবাগানে অভিযান পরিচালনা করা হয়। সেখানে একটি লম্বা আকৃতির সন্দেহজনক ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পরে স্থানীয় কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে এর ভেতর থেকে দুটি পাইপগান, এক রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।