তাড়াইলে গ্রাম্য সালিশকে কেন্দ্র করে সংঘর্ষ: মামলায় দুইজন গ্রেপ্তার

তাড়াইলে গ্রাম্য সালিশকে কেন্দ্র করে সংঘর্ষ: মামলায় দুইজন গ্রেপ্তার

Oct 18, 2026

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় গ্রাম্য সালিশকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও গুরুতর জখমের অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ মণ্ডল। মো. আঃ আহাদ খান বাদী হয়ে তাড়াইল থানায় মামলাটি দায়ের করেছেন। সালিশকে কেন্দ্র করে বিরোধ মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে তাড়াইল উপজেলার তালজাঙ্গা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এর আগে গত ২৪ সেপ্টেম্বর স্থানীয় বিরোধের জেরে একটি সালিশ অনুষ্ঠিত হয়। ওই সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বাদী আঃ আহাদ খানের অভিযোগ, সালিশ চলাকালে একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে তিনি ও তাঁর পক্ষের লোকজন আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এজাহারে একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে হামলা, মারধর ও গুরুতর জখমের অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ। উক্ত মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন, ১। সালমান(৩৬) ২।সোলেমান(৪০) পিতাঃ মৃত হাশেম। বাকিদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে তাড়াইল থানা পুলিশ। এ বিষয়ে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ মণ্ডল বলেন, “আঃ আহাদ খান বাদী হয়ে থানায় মামলা করেছেন। এর পরিপ্রেক্ষিতে দুজনকে আটক করা হয়েছে এবং তাঁদের কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে তাড়াইল থানা পুলিশ কাজ করে যাচ্ছে।” প্রাপ্ত এজাহারের মামলার নম্বর ১৪ এবং তারিখ ১৮ অক্টোবর ২০২৬ উল্লেখ রয়েছে। এতে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। উল্লেখিত ধারাগুলোর মধ্যে বেআইনি সমাবেশ, মারধর, অস্ত্রের মাধ্যমে আঘাত, গুরুতর জখম, হত্যাচেষ্টা এবং ভয়ভীতি প্রদর্শনসংক্রান্ত অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, পুলিশ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করবে এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *