গাজীপুরে ডিবির দুই কর্মকর্তার বিরুদ্ধে মাদক কারবারীদের সঙ্গে অর্থের বিনিময়ে সমঝোতার অভিযোগ

গাজীপুরে ডিবির দুই কর্মকর্তার বিরুদ্ধে মাদক কারবারীদের সঙ্গে অর্থের বিনিময়ে সমঝোতার অভিযোগ

Jul 29, 2026
নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ
গাজীপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর বিভাগের পুলিশ পরিদর্শক আব্দুল গফুরের নেতৃত্বে, (ডিবি) দক্ষিণ বিভাগের সাব-ইন্সপেক্টর (এস,আই) আরাফাত ও এ,এস,আই মাসুদের বিরুদ্ধে টঙ্গী বাজার এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে সমঝোতার মাধ্যমে তাদের ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগকারীদের দাবি, দেশের মাদকবিরোধী অভিযানে সরকারের কঠোর অবস্থানের বিপরীতে এ ধরনের কর্মকাণ্ড আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং মাদক নির্মূলে চলমান প্রচেষ্টাকে প্রশ্নের মুখে ফেলছে।
অভিযোগে আরও বলা হয়, বিষয়টি সম্পর্কে জানতে একাধিকবার এসআই আরাফাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি অভিযোগের সুস্পষ্ট জবাব না দিয়ে বিভিন্ন সাংবাদিকের মাধ্যমে সংবাদ প্রকাশ না করার জন্য তদবির করেন বলে দাবি করা হয়েছে। এছাড়া এক সাংবাদিকের সঙ্গে ফোনালাপের সময় তিনি উচ্চস্বরে কথা বলেন এবং দেখে নেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে। পরে সাংবাদিকরা বিষয়টি গাজীপুর মহানগর পুলিশের পুলিশ কমিশনারের নজরে আনলে তিনি অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বলে অভিযোগকারীরা জানান। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। তবে এস,আই আরাফাত ও এ,এস,আই মাসুদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তাদের আনুষ্ঠানিক বক্তব্যও এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *