সাইবার অপরাধে নান্দাইলের আ.লীগ নেতা আঞ্জু মেম্বারের ছেলে গ্রেফতার

সাইবার অপরাধে নান্দাইলের আ.লীগ নেতা আঞ্জু মেম্বারের ছেলে গ্রেফতার

Jul 7, 2026

 

নিজস্ব প্রতিবেদকঃ

ফেসবুকে ভুয়া আইডি খুলে এআই প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সম্মানহানি ও ব্ল্যাকমেইল করার অভিযোগে ময়মনসিংহ নগরী থেকে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। গ্রেফতারকৃত ব্যক্তির নাম শরিফ হাসান রাহাত ওরফে রাহাত আহমেদ (২২)। সে ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আঞ্জু মেম্বারের ছেলে। র‍্যাব-১৪, সিপিসি-১, ময়মনসিংহ কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শামসুজ্জামানের নেতৃত্বাধীন একটি বিশেষ আভিযানিক দল এবং এসআই জাহাঙ্গীরের নিরলস প্রচেষ্টায় এই সফল অভিযান পরিচালনা করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রাহাত পরিকল্পিতভাবে বিভিন্ন ভুক্তভোগীর পরিবারবর্গের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুক আইডি খুলে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভিডিও এডিট করে প্রচার করছিল। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ও ব্যক্তিগত গোপনীয়তা ফাঁসের ভয় দেখিয়ে সে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছিল। ভুক্তভোগী জানান, অভিযুক্ত রাহাত একজন দুর্ধর্ষ অপরাধী। তার বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একাধিক মামলা রয়েছে। এঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি এবং ভুক্তভোগীর পরিবারের মানসম্মান ক্ষুণ্ণ করাই ছিল রাহাতের মূল লক্ষ্য। এ ঘটনায় ভুক্তভোগী গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় গত ৮ মে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১৪ এর এসআই জাহাঙ্গীর জানান, আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এই গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং ভুক্তভোগী পরিবার আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক বিচার প্রত্যাশা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *