জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্যের অভিযোগে একাদশ শ্রেণির ছাত্র আটক

মস্ত মিয়া
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :
মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর কন্যা জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য ছড়ানোর অভিযোগে আখাউড়া উপজেলায় সাবিদুল ইসলাম সিয়াম (১৭) নামে এক শিক্ষার্থীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। রোববার (২১ জুন) দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিং করে সদর উপজেলার উত্তর জগৎসার এলাকায় তার খালার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সিয়াম আখাউড়া উপজেলার সীমান্তবর্তী আজমপুর গ্রামের শাহনেওয়াজ মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। পুলিশ সূত্রে জানা যায়, ফেসবুকে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট ছড়ানোর অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযুক্তের পরিচয় শনাক্ত করা হয়। পরে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, ছাত্রদল নেতাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যবস্থা গ্রহণ করে। জিজ্ঞাসা বাদের জন্য তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে। বিস্তারিত পরবর্তীতে জানাবো। তিনি আরও বলেন, “সাইবার অপরাধ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার কিংবা আপত্তিকর কনটেন্ট ছড়ানোর বিষয়ে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।” ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান সন্ধ্যা পৌনে ৭টায় ব্রাহ্মণবাড়িয়া টুয়েন্টিফোরডটকমকে বলেন, আমরা তার ডিভাইসগুলো পরীক্ষা নিরীক্ষা করছি। প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।এদিকে, আটকের আগে রোববার রাতে ফেসবুক লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করে ওই কিশোর। তার দাবি ডিজিটাল কারসাজির মাধ্যমে কেউ এটি ছড়িয়ে থাকতে পারে।