নিউইয়র্কে ২৮ জুন অনুষ্ঠিত হবে ‘লালন সন্ধ্যা’

অফিস ডেস্কঃ
নিউইয়র্কে প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে আগামী ২৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ ‘লালন সন্ধ্যা’। সংগীত শিল্পী তাহমিনারা রহমান লাইজু সমর্থন গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উডসাইডের ৩৭-১১, ৫৭ স্ট্রিটস্থ কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে লালন সাঁইজীর আত্মশুদ্ধি ও মানবতার দর্শনভিত্তিক গান পরিবেশন করবেন প্রবাসে সুপরিচিত লালনসংগীত শিল্পী তাহমিনারা রহমান লাইজু। লালনগীতির মাধ্যমে দর্শক-শ্রোতাদের কাছে বাউল সম্রাট লালনের দর্শন ও জীবনবোধ তুলে ধরা হবে।
এছাড়া অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সংগীত পরিবেশন করবেন তপন মোদক, মোর্শেদ খান অপু, রিপন মিয়া, গোপন সাহা, মাইক প্যারিস, নাসের খান এবং সাইমা খান শুমীসহ আরও অনেকে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন স্বপন দত্ত।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিউইয়র্কে অনুষ্ঠিতব্য এ বিশেষ লালন সন্ধ্যায় সকলকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রবাসে বাংলা সংস্কৃতি, বাউল দর্শন ও লালনগীতির চর্চা ও প্রসারে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।