মাধবপুরে চা বাগান শ্রমিকদের বিক্ষোভ ম্যানেজারের অপসারণ দাবি শ্রমিকদের কর্মবিরতি ও মানববন্ধন
অফিস ডেস্ক :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান-এ ম্যানেজার বাহাউদ্দিন লিটন-এর অপসারণ দাবিতে সোমবার শতাধিক শ্রমিক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।
সকাল ১০টা থেকে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কর্মবিরতি পালন করে বাগানের প্রধান ফটকের সামনে জড়ো হন এবং পরে বিক্ষোভ মিছিল বের করেন।
শ্রমিকরা অভিযোগ করেন, ম্যানেজার দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও অনিয়ম করছেন। সম্প্রতি সার্বজনীন পূজা উদ্যাপন কমিটির সভাপতি সরজিত পাশি-কে গালাগাল করার ঘটনা ক্ষোভ আরও বাড়িয়েছে।
সমাবেশে বক্তব্য দেন বাগান সভাপতি খোকন তাঁতি, সেক্রেটারি লালন পাহান এবং পূজা উদ্যাপন কমিটির সভাপতি সরজিত পাশি। তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মপরিবেশ উন্নয়ন এবং প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান।
স্থানীয় সূত্র জানায়, গত শনিবার শ্রমিকদের প্রতিনিধি দল ম্যানেজারের সঙ্গে অনিয়ম নিয়ে কথা বললে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। এরপর থেকে বাগান এলাকায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
অপরদিকে, ম্যানেজার বাহাউদ্দিন লিটন দাবি করেছেন, “বাগানের নিয়মিত শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজ করছেন। যারা আন্দোলনে নেমেছেন, তারা বহিরাগত।” আন্দোলনকারীরা এই বক্তব্য প্রত্যাখ্যান করে তাদের নিয়মিত শ্রমিক দাবি করেছেন।
ঘটনাস্থলে পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। শ্রমিক ও এলাকাবাসী প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।