হবিগঞ্জে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার জিরা উদ্ধার
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তরমুজ বোঝাই একটি ট্রাকের নিচে লুকিয়ে পাচারের সময় প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারে ব্যবহৃত ট্রাক ও ট্রাকভর্তি তরমুজও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সাতছড়ি–তেলিয়াপাড়া সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি আভিযানিক দল ভোররাতে ওই এলাকায় টহল জোরদার করে। টহলকালে সন্দেহজনক একটি তরমুজবোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে ট্রাকের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
তবে অভিযানের সময় ট্রাকের চালক ও সংশ্লিষ্ট কেউ পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি আরও জানায়, জব্দকৃত চোরাচালানি মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়নের পক্ষ থেকে বলা হয়, সীমান্তবর্তী এলাকায় অবৈধ পণ্য পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। দেশের অর্থনৈতিক স্বার্থ ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা তৎপর রয়েছে।