শরীয়তপুর সদরে অস্ত্র ও গোলাবারুদসহ ছাত্রদলের সাবেক নেত্রী আটক
স্টাফ রিপোর্টার :
শরীয়তপুর সদর উপজেলার স্বর্ণঘোষ এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ছাত্রদলের সাবেক নেত্রী ইলোরা হাওলাদারকে আটক করা হয়েছে।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার (৪ জানুয়ারি ২০২৬) ভোরে স্বর্ণঘোষ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ইলোরা হাওলাদারের হেফাজত থেকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের ধরন ও পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আটক ইলোরা হাওলাদার পূর্বে ছাত্রদলের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখাসহ সংশ্লিষ্ট অন্যান্য অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
যৌথবাহিনী আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথবাহিনী।