গাজীপুরে পাওনা টাকা নিয়ে বিরোধে নারী ব্যবসায়ী নিহত,
ছাত্রদল নেতা ও তার বাবার বিরুদ্ধে অভিযোগ
গাজীপুর মহানগরের গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেটে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে এক নারী ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে গুরুতর আহত হয়েছেন। শনিবার (___) সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম রানী (৪৫)। তিনি দুলাল মার্কেটে অবস্থিত ‘রানী ফ্যাশন গ্যালারি’র মালিক ছিলেন। আহত ছেলে হৃদয় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী পরিত্যক্তা রানী দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসার পাশাপাশি সুদের ভিত্তিতে টাকা লেনদেন করতেন। পাওনা টাকা দাবি করাকে কেন্দ্র করে একই এলাকার মুদি দোকানদার নজরুল ইসলাম ও তার ছেলে আশিকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ চরমে পৌঁছালে আশিক ছুরি নিয়ে রানীর ওপর হামলা চালান।
মাকে রক্ষা করতে এগিয়ে গেলে রানীর ছেলে হৃদয়কেও ছুরিকাঘাত করা হয়। এতে মা ও ছেলে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুর আনুমানিক ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক রানীকে মৃত ঘোষণা করেন।
আহত হৃদয় জানান, পাওনা টাকা চাওয়ার কারণেই পরিকল্পিতভাবে তার মায়ের ওপর হামলা চালানো হয়েছে।
স্থানীয়ভাবে জানা গেছে, অভিযুক্ত আশিক গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নেতা ছিলেন। ঘটনার সময় তার বাবা নজরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলেও অভিযোগ রয়েছে।
ঘটনার খবর পেয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।