এলপিজি নিয়ে সুখবর দিল সরকার
নিজস্ব প্রতিবেদক:
বাজারে এলপিজির মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকট মোকাবিলায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এলপিজি আমদানির এই অনুমতি দেওয়া হয়েছে বলে রোববার (১৮ জানুয়ারি) রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
তিনি বলেন, “বিপিসিকে জিটুজি ব্যবস্থায় এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এতে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম নিয়ন্ত্রণে সহায়তা মিলবে।”
তিনি আরও জানান, আমদানি কার্যক্রম শুরুর জন্য বিপিসির চেয়ারম্যানকে ইতোমধ্যে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হচ্ছে।
এর আগে এলপিজির সংকট তীব্র হলে গত ১০ জানুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিবের কাছে আমদানির অনুমতি চেয়ে চিঠি দেয় বিপিসি। চিঠিতে বলা হয়, দেশের এলপিজি বাজার পুরোপুরি বেসরকারি খাতনির্ভর হওয়ায় সংকটকালীন সময়ে সরকারের সরাসরি হস্তক্ষেপের সুযোগ সীমিত।
বিপিসির সেই আবেদনের প্রেক্ষিতেই সরকার এবার এলপিজি আমদানির নীতিগত অনুমোদন দিল। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্ত বাজারে সরবরাহ স্বাভাবিক করতে এবং কৃত্রিম সংকট রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।