রাজধানীতে আইফোন তৈরির ভুয়া কারখানার সন্ধান

রাজধানীতে আইফোন তৈরির ভুয়া কারখানার সন্ধান

স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় গোপন অভিযান চালিয়ে আইফোন জালিয়াতি চক্রের তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় শতাধিক আইফোন ও বিপুল পরিমাণ খুচরা যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— তান জিয়ান, উ জুন ও ডং হংওয়েই।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি মিরপুর ডিভিশনের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন, বিপুল পরিমাণ আইফোনের যন্ত্রাংশ এবং ৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় পৌনে দুই কোটি টাকা।
প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গ্রেপ্তারকৃত চক্রটি বিদেশ থেকে অবৈধভাবে আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ দেশে এনে রাজধানীর গোপন ডেরায় সেগুলো ‘এসেম্বল’ করে পূর্ণাঙ্গ আইফোন তৈরি করত। পরে নতুন মোড়কে প্যাকেটজাত করে এসব ফোন আসল আইফোন হিসেবে বাজারে বিক্রি করা হতো।
ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, দীর্ঘদিন ধরেই এই জালিয়াতি চক্রটি সক্রিয় ছিল। তাদের সঙ্গে দেশের কিছু অসাধু মোবাইল ব্যবসায়ীর সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, দামি স্মার্টফোন কেনার ক্ষেত্রে গ্রাহকদের সতর্ক থাকতে হবে। অনুমোদনহীন বা সন্দেহজনক দোকান থেকে কম দামে ফোন কিনলে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা থাকে।
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *