আশুলিয়ায় সিপিআরএস থানা কমিটি ও দৈনিক বিশ্ব মানচিত্রের বাণিজ্যিক কার্যালয়ের উদ্বোধন
সাভার প্রতিনিধিঃ
ঢাকার আশুলিয়ায় মানবাধিকার সংস্থা সিপিআরএস-এর নতুন থানা কমিটির কার্যক্রম শুরু এবং দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার বাণিজ্যিক কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় আশুলিয়ার কাশিমপুর রোডের নরসিংহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গৌরাঙ্গ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্থা সিপিআরএস-এর চেয়ারম্যান এবং দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট মোঃ রাশেদ উদ্দিন। নবগঠিত সিপিআরএস আশুলিয়া থানা কমিটির সভাপতি মোঃ বোরহান দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক বিশ্ব মানচিত্রের সহকারী সম্পাদক মোঃ মশিউর রহমান মাসুদ ও নির্বাহী সম্পাদক মোঃ জাকির হোসেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন সিপিআরএস আশুলিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ সুমন বেপারী, সহ-সভাপতি নাদির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আলম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, কোষাধ্যক্ষ মোঃ রাশেদুল ইসলাম জনি, তথ্য গবেষণা সম্পাদক তানজিলা আক্তার, প্রচার সম্পাদক মোঃ বাবু শেখ, আন্তর্জাতিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম এবং দৈনিক বিশ্ব মানচিত্রের স্টাফ রিপোর্টার আফসানা মিমি। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের মতামত ও প্রতিক্রিয়া ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোঃ রাশেদ উদ্দিন বলেন, মানবাধিকার সংস্থা সিপিআরএস-এর মাধ্যমে সমাজের নির্যাতিত, নিপীড়িত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় আইনি ও মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি একটি সুশৃঙ্খল ও মানবিক সমাজ গঠনে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের ভাগ্যোন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। এ লক্ষ্যে তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের সিপিআরএস-এর গর্বিত সদস্য হয়ে মানবিক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। এ সময় তিনি সিপিআরএস-এর সার্বিক কার্যক্রম তুলে ধরার পাশাপাশি আশুলিয়া শাখার কার্যক্রম আরও গতিশীল ও কার্যকরভাবে পরিচালনার বিষয়ে কমিটির সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। সভাপতির বক্তব্যে সিপিআরএস আশুলিয়া থানা শাখার সভাপতি মোঃ বোরহান দেওয়ান নবগঠিত কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মূল্যবান বক্তব্য ও মতামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পরে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।