রাজশাহীতে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক

রাজশাহীতে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক

অফিস ডেস্ক :

 

 

রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় আকরাম (৬০) নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে দুটি ডাম্প ট্রাকে আগুন দেয়। মঙ্গলবার সকাল সাতটার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার বিড়ালদহ মাজারের সামনে এ ঘটনা ঘটে।

 

নিহত আকরামের বাড়ি রাজশাহীর সরদা থানাপাড়া এলাকায়। তিনি পেশায় একজন দরজি ছিলেন। পুঠিয়ার বিড়ালদহ মাজার সংলগ্ন এলাকায় তাঁর একটি টেইলারের দোকান রয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নাশতা শেষে রাস্তা পার হচ্ছিলেন আকরাম। এ সময় নাটোরগামী বালুবাহী দুটি ডাম্প ট্রাক দ্রুতগতিতে যাচ্ছিল। এর মধ্যে একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে বেশ কিছু দূর পর্যন্ত হিঁচড়ে নিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

 

দুর্ঘটনার পরপরই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় জনতা। তারা মহাসড়ক অবরোধ করে এবং দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঘটনাস্থলের ভিডিও ধারণকারীদের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ভাঙচুর করা হয় এবং কিছু ফোন আগুনে পুড়িয়ে ফেলা হয়। ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুঠিয়া থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে শুরুতে উত্তেজিত জনতা পুলিশের সঙ্গেও বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

 

ব্যবসা সংযোগ

স্থানীয়দের পক্ষ থেকে ওই এলাকায় দিনের বেলায় ডাম্প ট্রাক চলাচল বন্ধ এবং সড়কে স্পিডব্রেকার স্থাপনের দাবি জানানো হয়। পুলিশ এসব দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

 

এদিকে, ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগের উপসহকারী পরিচালক ফরহাদ হোসেন জানান, উত্তেজিত জনতার কারণে শুরুতে ঘটনাস্থলে যেতে তারা শঙ্কা বোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *