নওগাঁর রানীনগর থানা পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশনা

অফিস ডেস্কঃ
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মঙ্গলবার (৩০ জুন) রানীনগর থানা বার্ষিক পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সংরক্ষিত গুরুত্বপূর্ণ রেজিস্টার, নথিপত্র ও প্রশাসনিক কার্যক্রম পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। এ সময় পুলিশ সুপার থানার কর্মকর্তা ও সদস্যদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব এবং জনগণকে দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ, মাদক, চুরি ও ডাকাতি নিয়ন্ত্রণ, বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার, ওয়ারেন্ট তামিল এবং মামলা তদন্তের অগ্রগতি ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার বলেন, জনগণের আস্থা অর্জনে সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক আচরণের কোনো বিকল্প নেই। তিনি থানায় আগত সেবাপ্রার্থীদের সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরিদর্শন শেষে তিনি রানীনগর থানার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করে পেশাগত দায়িত্ব পালনে উৎসাহিত করেন। এ সময় রানীনগর থানার অফিসার ইনচার্জসহ থানার অন্যান্য কর্মকর্তা ও ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।