ছয় ঘণ্টার মধ্যে পাসপোর্ট সেবা চালুর দাবি আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের
নিজস্ব প্রতিবেদকঃ
প্রবাসী ও দেশের নাগরিকদের জন্য আন্তর্জাতিক মানের দ্রুত পাসপোর্ট সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ ছয় ঘণ্টার মধ্যে পাসপোর্ট প্রদানের ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ। রোববার (১৯ জুলাই) সংগঠনের এক ভার্চুয়াল সভায় এ দাবিতে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গৃহীত হয়। একই সঙ্গে দেশের পুনরাবৃত্ত বন্যা সমস্যার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি ও বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে আধুনিক প্রযুক্তি ও দক্ষ প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে অল্প সময়ে পাসপোর্ট সেবা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশেও এমন একটি ব্যবস্থা গড়ে তোলা উচিত, যাতে একজন নাগরিক বা প্রবাসী সকালে আবেদন করলে বিকেলের মধ্যেই পাসপোর্ট হাতে পান। তিনি আরও বলেন, প্রবাসীরা নিয়মিত রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই তাদের মৌলিক নাগরিক সেবা দ্রুত ও হয়রানিমুক্তভাবে নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনি একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে সরকার ও জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। সভায় বক্তারা বলেন, পাসপোর্ট পেতে দীর্ঘসূত্রিতা, প্রশাসনিক জটিলতা এবং অপ্রয়োজনীয় ভোগান্তি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তাই দ্রুত, স্বচ্ছ ও নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট সেবা চালু করা সময়ের দাবি। বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয় এবং সরকারের বিরোধীও নয়। তারা সরকারের সহযোগী হিসেবে দেশ ও প্রবাসীদের কল্যাণে গঠনমূলক ভূমিকা রাখতে চায়। সভার সভাপতিত্ব করেন আলহাজ ফারুক আহমেদ চৌধুরী। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব এম. এ. রউফ (কাতার)। সভায় উপস্থিত সদস্যরা আলোচনায় অংশ নিয়ে গৃহীত প্রস্তাবগুলোর প্রতি সর্বসম্মত সমর্থন জানান। সভা শেষে সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নীতিনির্ধারকদের প্রতি আন্তর্জাতিক মানের দ্রুত পাসপোর্ট সেবা চালু, প্রবাসীবান্ধব প্রশাসনিক সংস্কার এবং বন্যা সমস্যার স্থায়ী সমাধানে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।