লাখাইয়ে ৩ শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা,চেয়ারম্যান ও এলাকাবাসীর তৎপরতায় উদ্ধার
অফিস ডেস্কঃ
লাখাইয়ের সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ছুটির পর তিন কোমলমতি শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। তবে ইউনিয়ন চেয়ারম্যান ও স্থানীয় এলাকাবাসীর তাৎক্ষণিক তৎপরতায় শিশু তিনটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও সুযোগ বুঝে অপহরণকারী চক্রের অজ্ঞাত নারী সদস্য পালিয়ে গেছে। মঙ্গলবার(২৩ জুন) উপজেলার মোড়াকরি ইউনিয়ন এর সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি হওয়ার পর এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ছুটি শেষে শিক্ষার্থীরা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, তখন এক অজ্ঞাতনামা মহিলা কৌশলে তিনটি শিশুকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শিশুদের আচরণ এবং মহিলার গতিবিধি সন্দেহজনক মনে হলে উপস্থিত কিছু সচেতন এলাকাবাসী তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলেন। খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ফয়সাল মোল্লা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। উপস্থিত সকলের যৌথ ও সাহসী তৎপরতায় শিশু তিনটিকে উদ্ধার করা সম্ভব হয়। তবে পরিস্থিতি বেগতিক দেখে অপহরণকারী মহিলা ভিড়ের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী অপহরণ করে নিয়ে যাচ্ছে এবং স্থানীয় লোকজন তা মোকাবিলা করছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে শিশুদের তাদের অভিভাবকদের জিম্মায় দিয়ে দিয়েছি।
এ বিষয়ে থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শরীফ আহমেদ এর সাথে আলাপকালে তিনি জানান আমাদের এ বিষয়ে জানা নেই। পুলিশকে জানানো হয়নি।