টঙ্গীতে ‘মাদক সম্রাজ্ঞী’ আরফিনার সাম্রাজ্যে পুলিশের অভিযান, মাদক-নগদ উদ্ধার; গ্রেপ্তার ৩

টঙ্গীতে ‘মাদক সম্রাজ্ঞী’ আরফিনার সাম্রাজ্যে পুলিশের অভিযান, মাদক-নগদ উদ্ধার; গ্রেপ্তার ৩

Jun 29, 2026

নিজস্ব প্রতিবেদকঃ

১৮ জুন দৈনিক মুক্ত খবর পত্রিকায় মাদক সম্রাজ্ঞী আফরিনার মাদক ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের পর ২৯ জুন ২০২৬ইং তারিখে গাজীপুরের টঙ্গীতে কথিত মাদক সম্রাজ্ঞী আফরিনা (আরফিনা) বেগমের নিয়ন্ত্রণাধীন বলে দাবি করা ছয়তলা ভবনসহ একাধিক স্থাপনায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ ও অন্যান্য আলামত উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৮ জুন) রাতভর গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন।
পুলিশ জানায়, টঙ্গীর ব্যাংকের মাঠ এলাকার একটি ঘর থেকে ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে গোপালপুর এলাকায় আফরিনা বেগমের নিয়ন্ত্রণাধীন বলে দাবি করা ছয়তলা ভবনসহ একাধিক স্থাপনায় তল্লাশি চালিয়ে ১১ পুরিয়া গাঁজা, চার লিটার চোলাই মদ, ৪৬টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির ৩৯ হাজার টাকা জব্দ করা হয়।
অভিযানের সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে সিলিন্ডার গ্যাস ব্যবসার আড়ালে ব্যাংকের মাঠ এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন আফরিনা বেগম। এ সময় তার নিয়ন্ত্রণাধীন একটি বাসার এক নারী ভাড়াটিয়াকে ইয়াবা সেবনের সময় পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক সেবনের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, উদ্ধার হওয়া মোবাইল ফোন ও অন্যান্য আলামত পর্যালোচনা করে মাদক চক্রের সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলছে। এ চক্রের অর্থের উৎস, সম্পদের হিসাব এবং সম্ভাব্য সহযোগীদের বিষয়েও তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।
অভিযান শেষে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে। কোন মাদক কারবারি, মাদকসেবী বা তাদের পৃষ্ঠপোষক আইনের বাইরে থাকার সুযোগ পাবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *