দর্শনায় হুন্ডি ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সম্পাদকসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা, সাংবাদিক মহলে ক্ষোভ

দর্শনায় হুন্ডি ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সম্পাদকসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা, সাংবাদিক মহলে ক্ষোভ

Jun 27, 2026

 

অফিস ডেস্কঃ

চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার জয়নগরের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে হুন্ডি ব্যবসা সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানাসহ চার সাংবাদিকের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে হুন্ডি ব্যবসাসহ বিভিন্ন অভিযোগ নিয়ে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপর সংবাদ প্রকাশের জেরে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা ও সংশ্লিষ্ট সাংবাদিকদের মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করলে জাহাঙ্গীর হোসেনের নামে সমন জারি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এদিকে, সাংবাদিকদের দাবি, সমন জারির পর তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয় এবং গত ২ জুন ২০২৬ তারিখে সোহেল রানা, হাফিজুর রহমান, রাশেদুল ইসলাম ও আসহাবুল আলমের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি তদন্তের দায়িত্ব চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে দিয়েছেন। সংবাদে আরও অভিযোগ করা হয়েছে, জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত এবং স্বর্ণ, রূপা ও মাদকের অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট। এছাড়া স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে দাবি করেছেন, সীমান্ত দিয়ে বিভিন্ন ব্যক্তিকে ভারতে পালিয়ে যেতে সহায়তা এবং ভারতের সঙ্গে যোগাযোগ রক্ষার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। সাংবাদিক নেতারা এ মামলাকে হয়রানিমূলক দাবি করে এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে প্রকৃত ঘটনা উদঘাটন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *