কোনাবাড়ীর জরুন এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
শামীম খান|স্টাফ রিপোর্টার
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকার জরুন বাজার সংলগ্ন জমিদারের ইটখোলা এলাকায় দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছে বলে স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, পারভীন সুলতানা ওরফে শাহানাজ নামের এক নারীর নেতৃত্বে কিছু ব্যক্তির সহযোগিতায় ওই এলাকায় একটি চক্র গড়ে উঠেছে, যারা ভাড়া বাসাকে কেন্দ্র করে অবৈধ কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে সেখানে একাধিক নারীকে ব্যবহার করে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে। বিষয়টি নিয়ে বারবার অভিযোগ করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেন।
এলাকাবাসী আরও জানান, বিষয়টি নিয়ে তথ্য সংগ্রহ বা অনুসন্ধান করতে গেলে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
এলাকাটির আশপাশে স্কুল, মাদরাসা, মসজিদ এবং ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা থাকায় বিষয়টি নিয়ে অভিভাবক ও সচেতন মহল উদ্বিগ্ন। তাদের মতে, এ ধরনের পরিবেশ চলতে থাকলে সামাজিক অবক্ষয় ও তরুণ সমাজ বিপথগামী হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।
একাধিকবার স্থানীয়ভাবে অভিযোগ দেওয়া হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং এলাকায় স্বাভাবিক সামাজিক পরিবেশ ফিরিয়ে আনা হোক।
তবে এ বিষয়ে কোনাবাড়ী মেট্রো থানার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।