জয়দেপুর থানা এলাকায় মোবাইল না পেয়ে কিশোরীর আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির

জয়দেপুর থানা এলাকায় মোবাইল না পেয়ে কিশোরীর আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির

অফিস ডেস্ক :

গাজীপুর সদর উপজেলায় জয়দেবপুর থানা এলাকায় পৃথক দুই ঘটনায় এক কিশোরী আত্মহত্যা করেছে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) সকালে উপজেলার ভিন্ন এলাকায় ঘটনাগুলো ঘটে।

সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বেগমপুর এলাকায় রহমত উদ্দিনের ভাড়া বাসায় ফাতেমা আক্তার (১৩) নামে এক কিশোরী আত্মহত্যা করে। সে সাতক্ষীরা জেলার আশাশুনি থানার গোদাটা গ্রামের আবু তালেবের মেয়ে। সম্প্রতি পরিবারসহ তারা বেগমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবার কাছে মোবাইল ফোন কেনার টাকা চেয়েছিল ফাতেমা। টাকা দিতে না পারায় অভিমানে নিজ কক্ষে ওড়না পেঁচিয়ে দরজার আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে সে। পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের বড় ভাই নয়ন জানান, সকালে অনেক ডাকাডাকির পরও ফাতেমা দরজা না খোলায় পরিবারের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

অন্যদিকে, সকাল ৯টার দিকে সদর উপজেলার বাঘেরবাজার শিরিরচলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম ওরফে শফি (৫৫) নামে এক ব্যক্তি মারা যান। তিনি স্থানীয় শরাফত আলীর ছেলে।

স্থানীয়দের ভাষ্য, গোসলের পানির গর্ত থেকে মোটর চালিয়ে পানি নিষ্কাশনের সময় মোটরের নিচে ময়লা আটকে যায়। এ অবস্থায় বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই ময়লা পরিষ্কার করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও ভারপ্রাপ্ত ওসি নয়ন কুমার জানান, কিশোরীর মৃত্যুর ঘটনায় মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *