রাজশাহীতে পেশকারকে চাঁদা দাবির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে পেশকারকে চাঁদা দাবির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

অফিস ডেস্ক :

রাজশাহী আদালতের এক পেশকারের কাছে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির মামলায় প্রায় দুই বছর পলাতক থাকার পর ওয়ারেন্টভুক্ত আসামি রাফিজ বিন সরকার ওরফে আরবিএস পাভেলকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ। তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে ২০২৪ সালের ২৯ অক্টোবর দণ্ডবিধির ৩৮৫/৩৮৬/৫০৬ ধারায় মামলা রুজু করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মহানগর যুগ্ম দায়রা জজ-২য় আদালতের পেশকার মো. হাবিবুর রহমানের কাছে ২০২৪ সালের ১০ আগস্ট অজ্ঞাত নম্বর থেকে দুর্নীতির অভিযোগ সংবলিত ভিডিও রয়েছে বলে মেসেজ পাঠানো হয়। এরপর ১৭ আগস্ট রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে তাকে ডেকে নিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

প্রাণনাশের ভয়ে ওই সময় অভিযুক্তদের ২৫ হাজার টাকা দেন বলে এজাহারে উল্লেখ করেন ভুক্তভোগী। পরবর্তীতে ৫ সেপ্টেম্বর আদালত চত্বরে আরও ৩ হাজার টাকা দিতে বাধ্য হন তিনি। সর্বশেষ ২৯ অক্টোবর আদালত কক্ষের ভেতরেও তাকে পুনরায় টাকা দিতে চাপ ও অপহরণের হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে। মামলায় লক্ষ্মীপুর এলাকার কথিত সাংবাদিক পাভেল (৩০) ও রাজপাড়া এলাকার মো. লালু (৩৫)-এর নাম উল্লেখ করা হয়। পরে তদন্ত শেষে অজ্ঞাত আসামিদের বাদ দিয়ে দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

পুলিশ জানিয়েছে, মামলার অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *