ফরিদপুরের ডেমরায় নকল ঘি কারখানায় অভিযান, জরিমানা ও কারাদণ্ড

ফরিদপুরের ডেমরায় নকল ঘি কারখানায় অভিযান, জরিমানা ও কারাদণ্ড

অফিস ডেস্ক :

পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা এলাকায় অবস্থিত “দুধক ফুড প্রোডাক্টস” নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ঘি ও ভেজাল খাদ্যপণ্য তৈরির সরঞ্জাম জব্দ ও ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা এবং এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বনিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে কারখানা থেকে ৯ ডোপ সয়াবিন তেল এবং প্রায় ১ হাজার লিটার ভেজাল ঘি ভর্তি একটি ড্রাম জব্দ করা হয়। একই সঙ্গে নকল ঘি তৈরিতে ব্যবহৃত ডালডা ও ক্ষতিকর রাসায়নিক রং উদ্ধার করা হয়। এছাড়া রাজিব নামে এক ব্যক্তির দোকান থেকে ১২ ড্রাম ভেজাল নন-ব্র্যান্ড তেল ও ৬ ডোপ জেলি জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক পুঙ্গলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাজেদুল ইসলাম সুমন তালুকদারের প্রতিষ্ঠান “দুধক ফুড প্রোডাক্টস”-এর মাধ্যমে এ অবৈধ কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। তার সহযোগী মো. অলিউর রহমান দীর্ঘদিন ধরে ডালডা, সয়াবিন তেল ও রাসায়নিক রং ব্যবহার করে নকল ঘি উৎপাদন করতেন। এ ছাড়া সুমন তালুকদারের ভাগ্নে রাজিব হোসেন এবং তার পিতা আবু সাইদ মেম্বারের গোডাউন থেকেও নকল দুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বনিন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় দোষীদের ২ লাখ টাকা অর্থদণ্ড ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত সকল নকল পণ্য ও সরঞ্জাম জনসম্মুখে ধ্বংস করা হয়।

তিনি আরও জানান, জনস্বাস্থ্য রক্ষায় ভেজালবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *