আড়াইহাজরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,১ লাখ টাকা জরিমানা
অফিস ডেস্ক :
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৬০টি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে একটি ডাইং কারখানার প্রতিনিধিকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি, বড় বিনাইরচর ও ছোট বিনাইরচর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়।
অভিযানের সময় প্রায় ৬০টি বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং প্রায় ৭০টি আবাসিক চুলার গ্যাস লাইন কেটে দেওয়া হয়। এছাড়া অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার দায়ে একটি ডাইং কারখানার প্রতিনিধিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।