কলাপাড়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
অফিস ডেস্ক :
ইলিশের উৎপাদন বৃদ্ধি, জাটকা নিধন রোধ ও ইলিশের টেকসই সংরক্ষণ নিশ্চিতে কলাপাড়া উপজেলা প্রশাসন উদ্যোগে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “জাটকা ধরা কমাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের দরবার হলে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইয়াসিন সাদিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, সিনিয়র কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান, কলাপাড়া থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং কলাপাড়া প্রেসক্লাব-এর সাবেক সভাপতি হুমায়ুন কবির। সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শতাধিক জেলে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ইলিশ সম্পদ রক্ষায় জাটকা সংরক্ষণ নিশ্চিত করতে জেলেসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন হতে হবে। পাশাপাশি জাটকা নিধনকারীদের আইনের আওতায় আনতে প্রশাসনকে সহায়তা করার আহ্বান জানানো হয়।