জ্বালানি সংকটে দিশেহারা ভাড়ায় চালিত বাইকচালকরা

অফিস ডেস্ক :
মধ্যপ্রাচ্যের অস্থির রাজনৈতিক পরিস্থিতির প্রভাবে দেশের জ্বালানি বাজারে তীব্র সংকট দেখা দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের ওপর। প্রশাসনের নতুন কড়াকড়িতে বৈধ কাগজপত্র ছাড়া তেল না পাওয়ায় জীবিকা হারানোর শঙ্কায় রয়েছেন হাজারো বাইকচালক।
পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন
সরেজমিনে সুনামগঞ্জ জেলার সিনথিয়া, বলাকা ও ছফেদা পেট্রোল পাম্পে দেখা গেছে, তেলের জন্য শত শত মোটরসাইকেল দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। প্রশাসনের উপস্থিতিতে সীমিত আকারে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির হালনাগাদ কাগজপত্র না থাকলে তেল দেওয়া হচ্ছে না; কোথাও কোথাও নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।
প্রশাসনের দাবি, এই পদক্ষেপে জ্বালানির অপব্যবহার কমবে এবং পাম্পে শৃঙ্খলা ফিরবে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
বিপাকে রাইড শেয়ারিং চালকরা
খোলা বাজারেও জ্বালানি না পাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন রাইড শেয়ারিং ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা। অনেকেই কিস্তি বা ঋণ নিয়ে মোটরসাইকেল কিনে এই পেশায় যুক্ত হয়েছিলেন। কিন্তু জ্বালানি সংকট ও প্রশাসনিক কড়াকড়িতে তাদের আয় প্রায় বন্ধ হয়ে গেছে।
একজন ভুক্তভোগী চালক বলেন,
“কিস্তির টাকা শোধ করতেই হিমশিম খাই। এখন তেল না পেলে পরিবার নিয়ে বাঁচা দায় হয়ে যাবে।”
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
চালকদের দাবি, এই সংকটময় সময়ে কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি জীবিকার বিষয়টি মানবিকভাবে বিবেচনা করা জরুরি। তারা তেলের সুষম বণ্টন ও সহজলভ্যতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
সংশ্লিষ্টদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে পরিবহন খাতের এই প্রান্তিক শ্রমিকরা সামাজিক ও অর্থনৈতিকভাবে চরম সংকটে পড়বেন।