নিজস্ব প্রতিবেদক:
দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে প্রবাসীদের লাগেজ চুরি, মালামাল হারানো ও ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা প্রতিরোধে আধুনিক লাইভ অনলাইন সিসিটিভি মনিটরিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন “DESH-BONDHU REMITTANCE JUDDAH SHONSHOD”-এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী প্রবাসীদের লাগেজ কাটা, মূল্যবান মালামাল চুরি এবং হারিয়ে যাওয়ার অভিযোগ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে প্রবাসীরা আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক ভোগান্তিরও শিকার হচ্ছেন।
তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাদের কষ্টার্জিত রেমিট্যান্স দেশের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অথচ দেশে ফেরার সময় বিমানবন্দরে লাগেজ সংক্রান্ত হয়রানি ও চুরির ঘটনা তাদের জন্য অত্যন্ত দুঃখজনক।
অ্যাডভোকেট এ এন এম ঈসা বলেন, বিশ্বের অনেক উন্নত দেশের বিমানবন্দর, সমুদ্রবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় লাইভ অনলাইন সিসিটিভি প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের বিমানবন্দরগুলোতেও লাগেজ হ্যান্ডলিং, স্ক্যানিং, বেল্ট এবং সংরক্ষণ এলাকাগুলোতে উচ্চমানের সিসিটিভি ক্যামেরা স্থাপন করে অনলাইনে সরাসরি মনিটরিংয়ের ব্যবস্থা করা যেতে পারে।
তার মতে, এ ধরনের ব্যবস্থা চালু হলে স্বচ্ছতা বৃদ্ধি পাবে, চুরি ও দুর্নীতির সুযোগ কমে যাবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত হবে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরাও তাদের লাগেজ ব্যবস্থাপনার কার্যক্রম পর্যবেক্ষণের সুযোগ পাবেন।
তিনি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমানবন্দর কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি বিমানবন্দরে প্রবাসীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে লাগেজ চুরি, হয়রানি ও দুর্ভোগ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দরে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে প্রবাসীদের আস্থা আরও বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।