অফিস ডেস্ক :
নবগঠিত সরকারের মন্ত্রিসভায় রংপুর বিভাগের ৮ জেলা ও ৫৮ উপজেলার মানুষের জন্য এসেছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্জন। এ বিভাগ থেকে ৩ জন পূর্ণমন্ত্রী ও ১ জন প্রতিমন্ত্রী মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন।
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব।
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ডা. এম এ জাহিদ হোসেন দায়িত্ব পেয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের।
লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী।
এ ছাড়া পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ পেয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব।
রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্ব
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ২০০১ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তৎকালীন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একজন দক্ষ সংগঠক ও নেতৃত্বগুণসম্পন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত।
বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।
তিস্তা নদী রক্ষা আন্দোলন
তিনি তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী হিসেবেও পরিচিত। তাঁর নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন উত্তরাঞ্চলের মানুষের নদীকেন্দ্রিক অধিকার ও জীবিকা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ আন্দোলন দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং উত্তরবঙ্গের নদীভিত্তিক সমস্যাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে সহায়ক হয়।
বিশ্লেষকদের মূল্যায়ন
নবগঠিত সরকারের মন্ত্রিসভায় আসাদুল হাবিব দুলুর অন্তর্ভুক্তি এবং দুর্যোগ ব্যবস্থাপনা খাতের দায়িত্ব গ্রহণকে রাজনৈতিক বিশ্লেষকরা তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন। তাদের মতে, এটি রংপুর বিভাগের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা কাটিয়ে ওঠার পথে একটি আশাব্যঞ্জক পদক্ষেপ।
আগামীর রংপুর বিভাগ—মুছে যাক রংপুর বিভাগের দীর্ঘ উন্নয়ন বঞ্চনার বন্ধ্যাত্ব।