অফিস ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন-এ স্বর্ণের চেইন চুরির সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। এ ঘটনায় সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে, তবে দীর্ঘদিন ধরে এমন চুরির ঘটনায় যাত্রীরা অতিষ্ঠ ছিলেন বলে জানা গেছে।
১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ৯টা ৫২ মিনিটে, স্টেশনের ২নং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী উপকূল এক্সপ্রেস ট্রেনের একটি বগির ভেতরে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, নাছিমা খাতুন (৩৪), পিতা- আকির হোসেন, সাং- উচাইল, থানা ও জেলা হবিগঞ্জ, এক নারী যাত্রীর গলার স্বর্ণের চেইন চুরির চেষ্টা করেন। এ সময় উপস্থিত যাত্রীদের সহযোগিতায় ঐক্যবদ্ধ আখাউড়া টিমের দুই সদস্য তাকে হাতেনাতে আটক করেন। পরে তাকে রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ট্রেনে ও স্টেশনে চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। বিশেষ করে নারী চোর চক্র সক্রিয় থাকায় যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে যাত্রীদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সচেতন মহল বলছেন, স্টেশনে নিরাপত্তা জোরদার ও সিসিটিভি নজরদারি বাড়ানো হলে এ ধরনের ঘটনা কমানো সম্ভব। যাত্রীদেরও ব্যক্তিগত জিনিসপত্রের প্রতি সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।