অফিস ডেস্ক :
জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ অবস্থায় রোববার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি হয়। তবে এই খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন তার ছেলে রুবেল খন্দকার।
বাবার মৃত্যুর গুজব ছড়ানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করে রুবেল খন্দকার সামাজিক মাধ্যমে এক পোস্টে লেখেন, “কিছু অসাধু ও সস্তা ভিউ-লোভী মানুষ আমার আব্বুর মৃত্যু নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করছে। অসুস্থতা নিয়ে যারা ব্যবসা করে, তারা সমাজের আবর্জনা।” তিনি এ ধরনের গুজবকে ‘নোংরা’ আখ্যা দিয়ে এর নিন্দা জানান।
রুবেল খন্দকার আরও জানান, তার বাবা বর্তমানে আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন। একইসঙ্গে এই ধরনের সংবেদনশীল বিষয়ে গুজব রটনাকারীদের শনাক্ত করে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় কঠোর শাস্তির দাবি জানান তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, হারুন কিসিঞ্জার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসায় গত কয়েক দিনের তুলনায় এখন তার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী দুই-এক দিনের মধ্যেই তাকে বাসায় নেওয়া যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চিকিৎসকরা।
নব্বই দশকের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ও টেলিভিশন নাটকে স্বতন্ত্র কৌতুকাভিনয়ের মাধ্যমে দেশজুড়ে ব্যাপক পরিচিতি পান হারুন কিসিঞ্জার। ছোট পর্দার পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রেও তার অভিনয় দর্শকপ্রিয়তা অর্জন করে। দীর্ঘদিন অভিনয়ে অনিয়মিত থাকলেও তার হাস্যরসাত্মক সংলাপ ও স্বতঃস্ফূর্ত অভিনয় আজও দর্শকদের মনে গভীরভাবে গেঁথে আছে।