অফিস ডেস্ক :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকা থেকে বিপুল পরিমাণ গান পাউডার ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বাহিনীটি।
র্যাব-৫ এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে শিবগঞ্জ থানাধীন পাড়ঘোড়াপাখিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জনৈক আসাদুল মন্ডলের সরিষা ক্ষেতে একটি মেহগনি গাছের নিচে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়।
র্যাবের তথ্যমতে, উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—
৬ কেজি ২৭০ গ্রাম গান পাউডার সদৃশ গুঁড়া পদার্থ (৩টি প্যাকেটে মোড়ানো),
১ কেজি ৭০০ গ্রাম ছোট পাথর ও ১ কেজি ৪০০ গ্রাম কাঁচের গুঁড়া,
৩৮৫ গ্রাম লোহার পেরেক ও ১২টি লাল কসটেপ,
২৯টি গ্যাস লাইটার ও ১টি জর্দার কৌটা,
১টি বাটন মোবাইল ফোন (মডেল: K155 KECHAGDA)।
প্রাথমিক অনুসন্ধানে র্যাবের ধারণা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি ও বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যেই দুষ্কৃতকারীরা এসব বিস্ফোরক সামগ্রী মজুত করেছিল। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।