সরকারি প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধেই উঠেছে গুরুতর ফৌজদারি অপরাধের অভিযোগ। বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর শেরেবাংলা নগরস্থ ডিআইজিএম কার্যালয়ে সহকর্মীদের ওপর সশস্ত্র হামলা, চাঁদাবাজি ও নগদ অর্থ চুরির মতো নজিরবিহীন ঘটনার অভিযোগ উঠলেও অভিযুক্তদের বিরুদ্ধে এখনো কোনো বিভাগীয় ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৮ মার্চ বিটিসিএল কার্যালয়ে কর্মরত অবস্থায় কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—বিটিসিএলের উপ-সহকারী প্রকৌশলী আহামদ ফজলে রাব্বি, সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের মো. জামাল উদ্দিন পাটোয়ারী, জুনিয়র লাইনম্যান আব্দুস সোবহান, ওয়ার্কচার্জড কর্মচারী খায়রুল, গিয়াসসহ আরও কয়েকজন নামধারী ও অজ্ঞাতনামা ব্যক্তি। অভিযোগে বলা হয়েছে, হামলায় লোহার রড ও বাঁশের লাঠি ব্যবহার করা হয়।
ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরেই অভিযুক্তরা অফিসে চাঁদাবাজি করে আসছিল। এককালীন ৩ লাখ টাকা এবং মাসিক ২০ হাজার টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় অফিস চলাকালীন সময়ে এই সশস্ত্র হামলা চালানো হয়। এ সময় সাড়ে ২৪ হাজার টাকা নগদ অর্থ চুরির অভিযোগও রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় হত্যার উদ্দেশ্যে মারধর করে গুরুতর জখম, চাঁদাবাজি, চুরি ও হত্যার হুমকির অভিযোগে গত বছরের ২২ মার্চ ডিএমপির শেরেবাংলা নগর থানায় ২৬ নম্বর মামলা দায়ের করা হয়। পরবর্তীতে অভিযুক্তরা আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনে মুক্ত হন। তদন্ত শেষে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।
এদিকে, সরকারি চাকরিজীবী হয়েও গুরুতর ফৌজদারি মামলার চার্জশিটভুক্ত আসামিরা স্বপদে বহাল থাকায় প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে ফৌজদারি মামলায় চার্জশিট দাখিল হলে তাকে সাময়িক বরখাস্ত করার বিধান রয়েছে। একই সঙ্গে অফিস প্রাঙ্গণে মারামারি ও সহিংসতা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হয়, যার সর্বোচ্চ শাস্তি চাকরি থেকে অপসারণ পর্যন্ত হতে পারে। তবে এ ঘটনায় এখনো কোনো বিভাগীয় পদক্ষেপ নেওয়া হয়নি।
ভুক্তভোগীরা জানান, “অফিসের ভেতরই যদি নিরাপত্তা না থাকে, তাহলে আমরা কাজ করবো কীভাবে? আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। অথচ অভিযুক্তরা ক্ষমতার প্রভাব খাটিয়ে আমাদের হত্যার হুমকি দিয়ে মুখ বন্ধ রাখতে চাইছে।” তারা জানান, নিরাপত্তা নিশ্চিত করতে বিটিসিএলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানালেও এখনো কোনো প্রতিকার পাননি।
এ বিষয়ে অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলী আহামদ ফজলে রাব্বি বলেন, “মামলার পর আমরা সবাই আদালতে হাজির হয়ে জামিন নিয়েছি এবং নিয়মিত হাজিরা দিচ্ছি। জামিনের কোনো শর্ত ভঙ্গ করিনি। তবে মামলা হওয়া সত্ত্বেও বিটিসিএল কর্তৃপক্ষ আমাদের বিরুদ্ধে কোনো বিভাগীয় ব্যবস্থা নেয়নি।”
বিটিসিএলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) রতন কুমার হালদার বলেন, “পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অনুসন্ধান সাপেক্ষে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”