
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগর টঙ্গীতে একটি বিদেশি রিভলবারসহ এক যুবককে গ্রেফতার করেছে মহানগর দক্ষিণ বিভাগের গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর মধ্য আরিচপুর এলাকার গার্লস স্কুল সড়ক থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম ইজাজুল ইসলাম (৪০), গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার কৃষ্ণপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে।
গাজীপুর মহানগর দক্ষিণ বিভাগের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, অবৈধ অস্ত্র কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ইজাজুল ইসলামের কাছ থেকে একটি বিদেশি রিভলবার জব্দ করা হয়।
আটকের পর তাকে গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে টঙ্গী পূর্ব থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।