গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর শহরের ঐতিহ্যবাহী ভাওয়াল রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত বিএনপির জনসভায় মঙ্গলবার রাতে ভাষণ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যার পর থেকেই বিশাল আয়তনের রাজবাড়ি মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। তারেক রহমানের অপেক্ষায় মাঠজুড়ে বিরাজ করছে নেতাকর্মীদের উচ্ছ্বাস ও উদ্দীপনা।
দলীয় সূত্র জানায়, ময়মনসিংহে অনুষ্ঠিত জনসভা শেষ করে তারেক রহমান গাজীপুরের জনসভার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে মূল মঞ্চে ইতোমধ্যে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য চলছে।
স্থানীয় বিএনপি নেতারা জানান, প্রায় ২১ বছর পর তারেক রহমান গাজীপুরে আসছেন। মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই নির্বাচনী জনসভায় তার বক্তব্যকে কেন্দ্র করে জেলা ও মহানগরের পাঁচটি উপজেলায় বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় তারেক রহমানের সরাসরি অংশগ্রহণ গাজীপুরের রাজনীতিতে নতুন গতি সৃষ্টি করেছে বলে মনে করছেন নেতাকর্মীরা। জনসভাকে ঘিরে রাজবাড়ি মাঠ ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুল বলেন, “দীর্ঘ ২০ বছর পর তারেক রহমান ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে জনসভায় বক্তব্য দেবেন। এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, গাজীপুরবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তারেক রহমান ঘোষিত ৩১ দফা দেশের উন্নয়নে একটি সুস্পষ্ট রোডম্যাপ।”
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার জানান, গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনকে সামনে রেখে এ জনসভার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “এই জনসভাকে কেন্দ্র করে জেলা ও মহানগরের সর্বত্র একটি রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে।”
জনসভাস্থলে উপস্থিত নেতাকর্মীদের স্লোগান, ব্যানার ও ফেস্টুনে ইতোমধ্যে মুখরিত হয়ে উঠেছে রাজবাড়ি মাঠ।