নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে অভিনব কৌশলে মাদক পাচারকালে ৭ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে।
গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন নতুন ব্রিজ গোলচত্বর এলাকার শ্যামলী বাস কাউন্টারের সামনে ফাঁকা জায়গায় অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় কাপড় ও কম্বলের গাট্টির ভেতরে লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— চুনারুঘাট থানার চন্দনা ধলাইপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র মো. হায়দার আলী সোহেল (২৮) এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার চিলাউড়া গ্রামের মোহাম্মদ আইনুল হকের পুত্র মো. নুরুল হক (৩৫)।
এ ঘটনায় উদ্ধারকৃত ৭ কেজি গাঁজাসহ আটক দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।