মোঃ রবিউল ইসলাম মিনাল, প্রতিনিধি |
রাজশাহীর গোদাগাড়ীতে নিখোঁজের ১৭ দিন পর পদ্মা নদী থেকে আহাদ আলী কাজল (৩৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে গোদাগাড়ী মডেল থানার সামনে পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে গোদাগাড়ী নৌ পুলিশ ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের যৌথ অভিযানে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আহাদ আলী কাজল চাঁপাইনবাবগঞ্জের চর বাগডাঙ্গা এলাকার মৃত ফিরোজ আলীর ছেলে। তিনি গত ৩ জানুয়ারি ব্যবসায়িক কাজে এক সহকর্মীর সঙ্গে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওইদিনই পরিবারের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পুলিশের উপস্থিতিতে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।
পরিবারের দাবি : পরিকল্পিত হত্যা
নিহতের পরিবার অভিযোগ করেছে, আহাদ আলী কাজলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরিবারের দাবি, ৩ জানুয়ারি রাতে তাকে প্রলুব্ধ বা অপহরণ করে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়।
নিহতের ছোট ভাই বলেন,
“আমার ভাইকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমরা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচার চাই।”
এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছে।