ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানির শেষ দিন আজ।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ শুনানি চলছে।
সকাল ১০টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শেষ দিনের আপিল শুনানি শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আজ অবশিষ্ট সব আপিলের শুনানি গ্রহণ করা হবে। এখন পর্যন্ত কমিশন ৪০০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। এ ছাড়া ২০০টি আবেদন বাতিল এবং ৩০টি আবেদন স্থগিত রয়েছে।
গত শনিবার (১৭ জানুয়ারি) আপিল শুনানির অষ্টম দিনে মোট ১১২টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৪৫টি আপিল মঞ্জুর করা হয়। মঞ্জুর হওয়া আপিলের মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৪৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে দুটি আবেদন রয়েছে। অপরদিকে, কমিশন ৩৭টি আপিল নামঞ্জুর করে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ২৪টি আবেদন ছিল।
শুনানিকালে ৯টি আপিল আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়। এ ছাড়া দুইজন আপিলকারী অনুপস্থিত ছিলেন এবং ১৯টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।
এর আগে, গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র যাচাই করেন। এতে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।
নির্বাচন তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।