স্টাফ রিপোর্টার:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাজীপুর মহানগরের গাছা থানা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার গাছা থানার ৩৭ নং ওয়ার্ডের কুনিয়া শহীদ আহসান উল্লাহ মাস্টার উচ্চ বিদ্যালয় মাঠে গাছা থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও কর্মজীবী দলের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ইদ্রিস আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মো. সালাউদ্দিন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক ত্যাগ ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মো. জসিম উদ্দিন বাট এবং গাজীপুর মহানগর বিএনপির প্রভাবশালী নেতা সরকার শাহানুর ইসলাম রনি। রনি বলেন,
“বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সবসময় জনগণের অধিকার রক্ষায় আন্দোলন-সংগ্রাম করে এসেছে। তাঁর আদর্শ অনুসরণ করেই সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।”
এছাড়াও বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ও গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মো. সরাফত হোসেন, গাজীপুর মহানগর কর্মজীবী দলের সহ-সভাপতি মো. রাজু আহম্মেদ শাহিন। তিনি বলেন,
“মরহুমা নেত্রীর আদর্শ ধারণ করে তৃণমূল পর্যায়ে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির প্রভাবশালী নেতা মো. মিজা শফিকুল ইসলাম সফি, মো. মিলন চৌধুরী, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আলী, গাজীপুর মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম মমিন, টঙ্গী থানা বিএনপির নেতা অ্যাডভোকেট জালাল খান সারোয়ার, গাছা থানা কর্মজীবী দলের সহ-সভাপতি মো. আবুল কালাম বেপারী, মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র ও মানুষের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।