জাতীয় ট্যুরিজম কনফারেন্সে টেকসই উন্নয়ন, উদ্যোক্তা ও প্রযুক্তির ব্যবহারে রাঙ্গামাটি হতে পারে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র।
রাঙ্গামাটির পর্যটন সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে উদ্যোক্তা সৃষ্টি এবং সরকারি-বেসরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন গবেষকরা। তারা বলেন, পরিকল্পিত বিনিয়োগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে রাঙ্গামাটি আন্তর্জাতিক পর্যটন গন্তব্যে পরিণত হতে পারে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত জাতীয় ট্যুরিজম কনফারেন্স–২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে এসব মতামত তুলে ধরা হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান বলেন, টেকসই পর্যটন উন্নয়নের জন্য নীতিগত সিদ্ধান্তের পাশাপাশি বাস্তবভিত্তিক উদ্যোগ এবং কমিউনিটির সম্পৃক্ততা অত্যন্ত জরুরি।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল প্ল্যাটফর্ম এবং উদ্যোক্তাদের বিনিয়োগ পর্যটন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।
রাঙ্গামাটি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন বলেন, পর্যটন এলাকায় পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে রাঙ্গামাটি আন্তর্জাতিক মানের পর্যটন শহরে রূপ নেবে।
সম্মেলনে টেকসই পর্যটন, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এবং কমিউনিটি-ভিত্তিক উন্নয়ন নিয়ে একাধিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। পোস্টার প্রেজেন্টেশন বিভাগে চ্যাম্পিয়ন হন রায়হানুল বিনতে মতিন।
গবেষকরা মত দেন, রাঙ্গামাটির পর্যটন খাতকে এগিয়ে নিতে গবেষণা, বিনিয়োগ এবং সমন্বিত উদ্যোগ গ্রহণই এখন সময়ের দাবি।