স্টাফ রিপোর্টার:-
মানিকগঞ্জ সদর হাসপাতালে গভীর রাতে আশ্রয় নিতে আসা এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগ উঠেছে কর্তব্যরত দুই আনসার সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ।
ঘটনার পর মানিকগঞ্জের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলেছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার (তারিখ উল্লেখযোগ্য) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নারায়ণগঞ্জ থেকে নিজস্ব চার্জিং ভ্যানে করে স্ত্রীকে নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় নানাবাড়ির উদ্দেশে রওনা দেন এক ব্যক্তি। পথে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভ্যানটির চার্জ শেষ হয়ে যায়। নিরাপত্তার কথা বিবেচনায় তারা মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে অবস্থান নেন।
এ সময় হাসপাতালের গেইটে দায়িত্বে থাকা আনসার সদস্য শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ তাঁদের সহযোগিতার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যান। পরে হাসপাতালের আটতলা বিশিষ্ট নতুন ভবনের নিচতলায় স্বামীকে রেখে দ্বিতীয় তলায় গৃহবধুকে নিয়ে যান ওই দুই আনসার সদস্য। অভিযোগ অনুযায়ী, সেখানে তাঁকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী নারী নিচে নেমে স্বামীকে বিষয়টি জানালে স্থানীয়দের সহযোগিতায় তাঁরা সদর থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্বরত সব আনসার সদস্যকে জিজ্ঞাসাবাদ করলে ভুক্তভোগী নারী অভিযুক্ত দুই আনসার সদস্যকে শনাক্ত করেন। এরপর পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন জানান, ভুক্তভোগী গৃহবধুকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। অভিযুক্ত দুই আনসার সদস্য বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও জানান, ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষাসহ প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম অব্যাহত আছে।
এদিকে জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের এক সহকারী কমান্ডার অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযুক্তরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।