লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
লক্ষ্মীপুরে বাড়ি ফেরার পথে সাংবাদিক তারেক মাহমুদের ওপর মব সৃষ্টি করে সন্ত্রাসী হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহিন ও কিরণ নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের মৎস্য অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত তারেক মাহমুদ দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার, স্থানীয় অনলাইন গণমাধ্যম লক্ষ্মীপুর টাইমস-এর স্টাফ রিপোর্টার এবং যমুনা টিভির ক্যামেরাপারসন হিসেবে কর্মরত। বর্তমানে তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তারেক মাহমুদ জানান, লক্ষ্মীপুর শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে হঠাৎ এক অপরিচিত ব্যক্তি তার গতিরোধ করে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। কিছুক্ষণের মধ্যেই দুইটি রিকশাযোগে আরও কয়েকজন এসে মব তৈরি করে সন্ত্রাসী কায়দায় তার ওপর হামলা চালায় এবং হত্যার চেষ্টা করে। এলাকাবাসী এগিয়ে না এলে তিনি প্রাণে বেঁচে ফিরতে পারতেন না বলে জানান তিনি।
তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা তার চোখ নষ্ট করার উদ্দেশ্যে বারবার চাবি দিয়ে চোখ উপড়ে ফেলার চেষ্টা করে।
এলাকাবাসী জানান, স্থানীয় বিএনপি কর্মী কিরণ ও ফরিদ হামলার নেতৃত্ব দেয়। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আহত সাংবাদিক।
এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় লক্ষ্মীপুরের সাংবাদিক সমাজ তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে দ্রুত সকল দোষীকে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।