পাবনা প্রতিনিধি :
“রূপালি মৎস্য, স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ফরিদপুর উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জহুরুল ইসলাম বকুল, সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলহাজ্ব আব্দুদ দাইয়ান মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক মো. আঃ হাকিম খান এবং সাবেক সদস্য সচিব মো. জিয়াউর রহমান জিয়া। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় মৎস্যচাষিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, নিরাপদ মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মা মাছ সংরক্ষণ, অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধিতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা। তিনি বলেন, “মা মাছ ধরব না, দেশের ক্ষতি করব না।” তিনি মৎস্যসম্পদ রক্ষায় সরকারি আইন মেনে চলার পাশাপাশি মৎস্যচাষি ও সাধারণ মানুষকে সচেতনভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। আলোচনা শেষে সফলভাবে খাঁচায় মাছ পালন ও মাছ বিক্রির সঙ্গে সম্পৃক্ত দুইজনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচির মাধ্যমে নিরাপদ মৎস্য উৎপাদন ও দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।