নিজস্ব প্রতিবেদকঃ
ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করেছে International Remittances Warriors Family (রেমিট্যান্স যোদ্ধা সংসদ পরিবার)।
সভায় সংগঠনের সদস্য এম. এ. রউফ বলেন, ঘুষ দেওয়া বা নেওয়া আইনগত ও ধর্মীয়—উভয় দৃষ্টিকোণ থেকেই সম্পূর্ণ নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। তিনি বলেন, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে সেবা গ্রহণের সময় কেউ যদি ঘুষের দাবি বা হয়রানির শিকার হন, তাহলে তা প্রতিরোধে সচেতন হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া উচিত। মতবিনিময় সভায় বক্তারা বলেন, দুর্নীতি একটি রাষ্ট্র ও সমাজের উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায়। এর ফলে ন্যায়বিচার, সুশাসন ও জনআস্থা ক্ষতিগ্রস্ত হয়। তাই দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও নৈতিক শিক্ষা জোরদার করা প্রয়োজন। এ সময় দার্শনিক অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা বলেন, ঘুষ, দুর্নীতি এবং অর্থের অন্ধ লোভ সমাজে ন্যায়বিচারকে ধ্বংস করে এবং মানুষের বিবেক ও নৈতিকতাকে কলুষিত করে। তিনি বলেন, একটি সত্যনিষ্ঠ, জবাবদিহিমূলক ও মানবিক সমাজ গড়ে তুলতে ব্যক্তি, পরিবার এবং রাষ্ট্র—সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠাই টেকসই উন্নয়ন এবং শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। সভায় উপস্থিত সদস্যরা ঘুষ ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় জনসচেতনতা বৃদ্ধি এবং আইনের শাসন ও নৈতিক মূল্যবোধ শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।