গাজীপুর প্রতিনিধি :-
গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে ভবানীপুর মুক্তিযোদ্ধা ক্রীড়া সংঘের উদ্যোগে মাদকবিরোধী ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এ খেলায় অংশ নেয় বিবাহিত ফুটবল একাদশ ও অবিবাহিত ফুটবল একাদশ। খেলাটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন সিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মমতাজ উদ্দিন এবং সঞ্চালনা করেন ভাওয়ালগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এমদাদ হোসেন সিকদার।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আমির উদ্দিন, নিউজ ২১ প্রতিনিধি নজরুল ইসলাম সহ অন্যান্যরা।
খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন ভবানীপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলম ভূইয়া।
নির্ধারিত সময়ের খেলা শেষে উভয় দলের মধ্যে সমতা বিরাজ করলে ট্রাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়। এতে বিবাহিত ফুটবল একাদশকে পরাজিত করে অবিবাহিত ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ বিনোদনের দিকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।